Header Ads Widget

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

 



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন পেসার ও দুই স্পিনার দিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে সফরকারী দলটি।

বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মনে করেন জয়ের জন্য ২৮০ রানের স্কোর হবে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেছেন, টসে জিতলেও বোলিংই নিতেন।

একাদশে মিরাজের সাথে স্পিনার হিসেবে আর আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ ও নাহিদ রানার সঙ্গী তানজিদ হাসান।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন লিটন দাস, আফিফ হোসেন, তাসকিন, তানজিদ ও রিশাদ। দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের সঙ্গে একাদশে নেই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ওপেনার পারভেজ হোসেন।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রোববার দুই দলের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে সাতটায়।

এর আগে এই মাঠে সবশেষ ওয়ানডে হয়েছিল ২০১৮ সালে। কাকতালীয়ভাবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যেই। তামিম ইকবালের সেঞ্চুরিতে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশের সেই দলের খেলোয়াড়দের মধ্যে এবার আছেন কেবল মাহমুদউল্লাহ ও মিরাজ।

নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যববধানে হেরেছে বাংলাদেশ। সেই সিরিজের অনেকেই এনই এবার। অনেককটা নতুন চেহারার দল নিয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি নতুন শুরুর আশায়।

এমনিতেই ক্যারিবীয়ায় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড দারুণ। সবশেষ দুই সফরেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নামবে হ্যাটট্রিকের আশায়। সব মিলিয়ে সবশেষ চার সিরিজেও ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা।

সব মিলিয়ে দুই দলের দ্বিপাক্ষিক ১১ সিরিজের ৬টি জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

Post a Comment

0 Comments