‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দীন সেলিম প্রথম ছবি দিয়েই কেড়েছেন দর্শক হৃদয়। তার পরবর্তী ছবি ‘স্বপ্নজাল’ দিয়েও করেছেন বাজিমাত। এবার কাজ করবেন আরো এক ছবির। নাম ‘অপারেশন জ্যাকপট’। এটি হতে যাচ্ছে তার তৃতীয় ছবি।
মুক্তিযুদ্ধের চিত্র নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। যদিও এর নাম আগেই ঘোষণা করা হয়েছে। এবার সিনেমাটির মহরত অনুষ্ঠানের তারিখ জানানো হল।
মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক ঘটনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এই চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় ‘অপারেশন জ্যাকপট’ এর মহরত অনুষ্ঠিত হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অপারেশন জ্যাকপট’ অভিযানের উদ্দেশ্য ছিল দেশের সমুদ্র ও নদীবন্দরগুলো অকার্যকর করে দেয়া। যাতে করে পশ্চিম পাকিস্তানিরা সমুদ্র ও নৌপথ ব্যবহার করে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) সহজে আক্রমণ করতে না পারে।
মুক্তিযুদ্ধে নৌকমান্ডোরা স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত গানের সংকেত পেয়ে ১৯৭১ সালের ১৪ আগস্ট দিবাগত রাতে (১৫ আগস্ট রাত ১টা থেকে দেড়টা) একই সাথে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং নারায়ণগঞ্জ ও চাঁদপুর নদী বন্দর আক্রমণ করে।
এ অভিযানের ফলে পশ্চিম পাকিস্তানিরা হতভম্ব হয়ে পড়ে। বিশ্বজুড়ে এ হামলার খবর রটে যায়। মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। মুক্তিযোদ্ধারা আরো সাহসী ভূমিকা পালন করে। তাই বলা যায়, এ ‘অপারেশন জ্যাকপট’ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বাধীনতা যুদ্ধে।
আমরা সচরাচর যে মুক্তিযুদ্ধের সিনেমা দেখি। তা থেকে অনেকটা ভিন্ন হবে বলে পরিচালক জানান। তবে পরিচালক জানাননি কে অভিনয় করছে এ সিনেমায়। সবকিছুই খোলাসা করা হবে সিনেমাটির মহরতে।

0 Comments