ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি সাফ জানিয়েছেন, গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে যে বিমান হামলা চালানো হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য নয়াদিল্লি প্রকাশ করবে না। রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
অরুন জেটলি বলেছেন, ‘সামরিক বাহিনী এবং আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পরিস্থিতি সামাল দেওয়ার মতো পূর্ণ ক্ষমতা অবশ্যই আছে। যদি কেউ জনসম্মুখে অভিযানের বিস্তারিত প্রকাশের দাবি করেন, তাহলে নিশ্চিত তিনি প্রক্রিয়াটি বুঝতে পারেন নি।’
২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের সীমান্তে প্রবেশ করে হামলা চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। বিভিন্ন সূত্রে দাবি করা হয়, ওই হামলায় বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করায় হামলা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি। পাকিস্তানের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, ভারত কোনো সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেনি। বরং নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রোববার এক সমাবেশে একই সুরে কথা বলেছেন।
বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেছেন, ‘পাকিস্তানের সুরে কথা বলছে বিরোধীরা। এতে সেনাবাহিনীর মনোবল ভাঙছে।’
অপরদিকে তথ্য প্রযুক্তি বিষয়ক রাজ্যমন্ত্রী ও বিজেপির সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়া বলেছেন, গত সপ্তাহে হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানকে এটা বুঝিয়ে দেওয়া যে ভারত আঘাত হানতে সক্ষম। কোনো মানুষের মৃত্যু লক্ষ্য ছিল না।

0 Comments