আইসিসি জানিয়েছে নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে তারা। পাশাপাশি এও জানিয়েছে তারা নারী ক্রিকেট কমিটি গঠন করবে। আর সেটার প্রধান হবেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্লারে কনোর।
মূলত নারী ক্রিকেটেকে এগিয়ে নিতে ক্ষেত্রে আইসিসির যে প্রতিশ্রুতি সেটার অংশ হিসেবেই এমন পরিকল্পনা করা হয়েছে।
শনিবারের সভায় সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ ও নারী) বাছাইপর্বের আয়োজক নির্বাচন করা হয়। স্কটল্যান্ড চলতি বছরের ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করবে। আর ১১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে হবে ছেলেদের বিশ্বকাপের বাছাইপর্ব।
সভা শেষে এক বার্তায় আইসিসি জানিয়েছে, ‘সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হল নারী ক্রিকেটারদের জন্য বয়সভিত্তিক বিশ্বকাপ চালু করা। যাতে করে বিশ্বব্যাপী তরুণ নারী ক্রিকেটাররা বেশি বেশি খেলার সুযোগ পায়। আইসিসি বয়সভিত্তিক বিশ্বকাপের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা এই বছরের মধ্যেই দাঁড় করবে। আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (পুরুষ ও নারী) বাছাইপর্বের আয়োজক নির্বাচন করা হয়েছে স্কটল্যান্ড ও আরব আমিরাতকে।’
সভায় ভারতের অনীল কুম্বলেকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।

0 Comments