Header Ads Widget

এমবাপ্পেকে নিয়ে সমালোচনা করায় চটেছেন ফ্রান্স কোচ

 সময়টা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনায় বিদ্ধ এ ফরোয়ার্ড। তবে সমালোচকরা যতই তীর্যক মন্তব্য করুক না কেন, খারাপ সময়ে কোচ দিদিয়ে দেশমকে পাশে পাচ্ছেন এমবাপ্পে।


এমবাপ্পেকে নিয়ে সমালোচনা করায় চটেছেন ফ্রান্স কোচ
খারাপ সময়ে কোচকে পাশে পাচ্ছেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত



ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরের সেমিফাইনালে উঠলেও দল হিসেবে জ্বলে উঠতে পারছে না ফ্রান্স। গ্রুপ পর্ব, রাউন্ড-১৬ আর কোয়ার্টার ফাইনাল; ৫ ম্যাচ মিলিয়ে মাত্র ৩ গোলের দেখা পেয়েছে ফরাসিরা। এর মধ্যে আবার ২টি প্রতিপক্ষের উপহার দেওয়া আত্মঘাতী গোল। আর একটি পেনাল্টি থেকে আসা গোল। সেটি অবশ্য এসেছে এমবাপ্পের পা থেকে। তবে দলের মতোই চলতি আসরে বিবর্ণ তার পারফরম্যান্স।

 
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাকে চোট পাওয়ার পর এক ম্যাচ বিরতি দিয়ে মাস্ক পরে এমবাপ্পে ফেরেন পোল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল পান তিনি। এরপর থেকে আর জালের দেখা পাননি তিনি। পর্তুগালের বিপক্ষে টাইব্রেকারে জেতা ম্যাচেও এমবাপ্পে খেলতে পারেননি পুরোটা। খেলা চালিয়ে যেতে না পারার কথা তিনি নিজেই বলেছিলেন কোচকে। দেশমও তুলে নেন অধিনায়ককে। পেনাল্টি শুট-আউটের পরীক্ষায় উতরে যায় ফ্রান্স।
 
 
এদিকে আসরজুড়ে নিজের ছাঁয়া হয়ে থাকায় সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এমবাপ্পে। তার ওপর শেষ ম্যাচে ভাঙা নাকে যে অস্বস্তি অনুভব করেছেন তাতে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে তাকে বিশ্রামে রাখারও দাবি উঠেছে।
 
তবে সমালোচকদের উল্টো একহাত নিলেন কোচ দেশম। ফরাসি টেলিভিশনের ফুটবল অনুষ্ঠান ‘টেলিফুট’ এ রোববার (৭ জুলাই) ফরাসি কোচ বলেন, ‘আপনারা কী মনে করেন না, এ পর্যন্ত সে যা করেছে, তাতে এরই মধ্যে সে যথেষ্ট ইতিহাস গড়েনি? এমনকি সে আরও ইতিহাস গড়তে চায়। তাকে দলে পাওয়ার জন্য আমরা, মেডিকেল স্টাফরা যা করতে পারতাম, তার সবটুকু করেছি। প্রস্তুতির সময় তার পিঠে ছোটখাট সমস্যাও ছিল, কিন্তু কিলিয়ান এখানে। এমনকি সে যদি শতভাগ ফিট নাও থাকে, তারপরও আমি খুব ভালো করেই জানি, সে খেলবে, এটা জেনেই যে প্রতিপক্ষকে তাকে নিয়ে ভাবতে হবে।’
 
 
২০১৭ সালে ফ্রান্সের জাতীয় দলে অভিষেকের পর থেকে দ্যুতি ছড়িয়ে আসছেন এমবাপ্পে। ২০১৮ সালে দেশকে বিশ্বকাপ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ‍ভূমিকা। সবশেষ ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তো একাই লড়েছিলেন। আসরের সর্বোচ্চ গোলদাতা অবশ্য ওই ম্যাচে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৩ ম্যাচ খেলে ৪৮ গোলের পাশাপাশি ৩৪ অ্যাসিস্ট করেছেন। চলতি ইউরোতে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে ব্যর্থ হলেও দলকে ফাইনালে তুলতে কার্যকরী ভূমিকা পালন করতে হবে এমবাপ্পের।
 
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার (৯ ‍জুলাই) রাতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন।

Post a Comment

0 Comments